জ্বালানি তেলের দাম বাড়ানোর
পর নারায়ণগঞ্জসহ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকায়
ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত হারে প্রতি
কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ১৭ পয়সা বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে একই দিন থেকে
সংশোধিত ভাড়া কার্যকর করার কথা জানানো হয়।
তবে প্রজ্ঞাপন জারির আগেই ওই
দিন সকাল থেকে ঢাকা–নারায়ণগঞ্জ রুটের কয়েকটি পরিবহনে নতুন হারে নয়, তার
চেয়েও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। যাত্রীদের অভিযোগ, বন্ধন
ও উৎসব পরিবহনের নন-এসি বাসে এক লাফে ৫ টাকা এবং ঢাকা নগর পরিবহনের এসি বাসে ১০
টাকা বাড়িয়ে ভাড়া আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ
শহরের বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, বন্ধন ও উৎসব পরিবহনের
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে আগে ৫৫ টাকা নেওয়া হলেও নতুন করে ৬০ টাকা নেওয়া হচ্ছে।
অন্যদিকে ঢাকা নগর পরিবহনের এসি বাসে ৭০ টাকার পরিবর্তে ৮০ টাকা নেওয়া হয়।
হঠাৎ ভাড়া বাড়ানো নিয়ে
কয়েকটি কাউন্টারে যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন, সরকারি নতুন ভাড়ার হার স্পষ্টভাবে প্রকাশের
আগেই পরিবহনগুলো নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিয়েছে।
তবে একই সময়ে বিআরটিসির এসি
বাসে আগের নির্ধারিত ৭০ টাকা ভাড়াতেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে
বলা হয়েছে, ডিটিসিএর আওতাধীন নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ডিজেলচালিত বাস ও
মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০
পয়সা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা
হয়, ডিজেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন পরিচালনার বর্তমান ব্যয় বিবেচনায় নিয়ে
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪(২) ধারার ক্ষমতাবলে ভাড়া
পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার পরও বিভিন্ন পরিবহনে
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা
দিয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন