নারায়ণগঞ্জের রূপগঞ্জে
বাড়িতে ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের
কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারের একটি অংশ, ডাকাতিতে ব্যবহৃত পিকআপ
ভ্যান, দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধারের দাবি
করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর
রাতে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার পর
গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন
শাহিন ওরফে শামীম (৪৮),
শরীফ (৩৯), হৃদয় দাস (৩০), তামজিদ মিয়া (৪০) ও শামীম (৪০)।
পুলিশের ভাষ্য, রাত
আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল নগরপাড়ার একটি বাড়িতে হানা দেয়। মুখোশ পরা
দলটি দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের চার সদস্যকে
জিম্মি করে।
পরে তারা বাড়ির স্টিলের
আলমারির লকার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং গৃহকর্তার হিসাব অনুযায়ী প্রায় ১৭
ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ডাকাতদের
ধরতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে গাউছিয়া-ভুলতা এলাকায় একটি পিকআপ
ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে থাকা ব্যক্তিদের আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার
মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ওই
অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ ভরি ৯ আনা ৫ রতি
স্বর্ণালংকার, দেশীয় অস্ত্র এবং ঘর ভাঙার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে
জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের
থানায় নেওয়ার পর ডাকাতির শিকার পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করেছেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাত দলের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত
করে গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান চলছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন