নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সরকারি উন্নয়ন বরাদ্দে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। উন্নয়ন তহবিল কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের ন্যায্য অধিকার। তাই দলীয় পরিচয়ের পরিবর্তে প্রতিটি এলাকার মানুষের প্রয়োজন ও অধিকার বিবেচনায় উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটি এলাকার
ফাজেলপুর জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় দূরত্ব
থাকা উচিত নয়। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের কথা সরাসরি শোনা, তাদের
সমস্যার সমাধানে কাজ করা এবং জবাবদিহি নিশ্চিত করাই তাঁর দায়িত্ব।
নাগরিক সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান
জানিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, জলাবদ্ধতা, মাদক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার মতো
সমস্যা কোনো একক রাজনৈতিক দলের নয়; এগুলো পুরো এলাকার মানুষের সমস্যা। এসব সংকট মোকাবিলায়
রাজনৈতিক বিভাজনের বদলে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ী
বা অপরাধী আত্মীয়-স্বজন কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।
অন্যায়কারী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সত্য কথা
বলা তাঁদের নৈতিক দায়িত্ব। সেই বক্তব্য কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের বিপক্ষে
গেলেও ন্যায় ও সত্যের পক্ষে অবস্থানকে তিনি স্বাগত জানান।
তিনি আরও বলেন, রাজনীতি রাজনৈতিক পরিসরে থাকতে পারে; তবে এলাকার নাগরিক
সমস্যা সমাধানে দলাদলির কোনো স্থান নেই। পঞ্চায়েত, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে
সঙ্গে নিয়ে কাজ করলে মাদক, অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কার্যকর পরিবর্তন
আনা সম্ভব।
বক্তব্যের শেষে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, জনগণের
কাছে জবাবদিহি বজায় রেখে সততা ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করতে চান।
জুমার নামাজ শেষে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মসজিদের মুসল্লি ও
এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় এবং মতবিনিময় করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন