ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে
যাতায়াতকারী শিক্ষার্থীদের পরিবহন ব্যয় কমানো এবং যাত্রীদের জন্য বিকল্প গণপরিবহন
নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সংগঠনটির দাবি, এ রুটে
শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি
সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস বাড়িয়ে বেসরকারি পরিবহনের ওপর যাত্রীদের
নির্ভরতা কমানোর উদ্যোগ নিতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক
বিবৃতিতে এসব দাবি তুলে ধরেন নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক
মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার।
বিবৃতিতে সংগঠনটি সম্প্রতি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে। তাদের ভাষ্য, উৎসব ও
বন্ধন পরিবহনে একপর্যায়ে সাধারণ যাত্রীর ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৪০
টাকা নেওয়া শুরু হয়।
এ নিয়ে ছাত্র ফেডারেশনের
নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্দোলন শুরু হলে পরবর্তীতে আগের ভাড়া পুনর্বহাল
করা হয়েছে বলে দাবি করেন সংগঠনের নেতারা। বর্তমানে সাধারণ যাত্রীর ক্ষেত্রে ৫৫
টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে শিক্ষার্থীদের জন্য ৩৫
টাকা ভাড়াকেও বেশি উল্লেখ করে তা কমিয়ে ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের বক্তব্য,
শিক্ষার্থীদের জন্য এই ভাড়া কোনো ধরনের শর্ত বা সীমাবদ্ধতা ছাড়া
কার্যকর করতে হবে।
ছাত্র ফেডারেশনের নেতাদের
অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের গণপরিবহন ব্যবস্থায় উৎসব ও বন্ধন পরিবহনের
প্রভাব অনেকটাই এককেন্দ্রিক হয়ে পড়েছে। এর ফলে ভাড়া নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে
যাত্রীদের ভোগান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর
নজরদারি ও পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।
বিবৃতিতে বলা হয়, যাত্রীদের
চলাচলের সুযোগ বাড়াতে সরকারি পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা দরকার। এজন্য
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর দাবি জানানো
হয়।
সংগঠনটির পক্ষ থেকে শেষ পর্যন্ত দুটি নির্দিষ্ট দাবি
জানানো হয়েছে—সাধারণ যাত্রীর ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা ও শিক্ষার্থীদের ভাড়া ৩০ টাকা
নির্ধারণ করে তা কার্যকর করা এবং এই রুটে পর্যাপ্ত সংখ্যক বিআরটিসি বাস চালু করা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন