নারায়ণগঞ্জের পর্যটন
সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার দর্শনীয় স্থানগুলোকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে
তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার (২৭ সেপ্টেম্বর)
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে
পর্যটকদের সবচেয়ে বেশি উপস্থিতি দেখা যায় সোনারগাঁয়ে। বিশেষ করে পানাম সিটি ও
জাদুঘরসহ ঐতিহাসিক স্থানগুলোকে ঘিরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব স্থানকে
পর্যটকবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, যোগাযোগব্যবস্থার
সীমাবদ্ধতাসহ নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে নারায়ণগঞ্জে পর্যটন খাত এখনও
প্রত্যাশিত পর্যায়ে এগোতে পারেনি। এ খাতকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট
সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম ও টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল আলমসহ
সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে
একটি র্যালিও বের করা হয়। পরে আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি
শেষ হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন