নারায়ণগঞ্জে বিনিয়োগ ও
ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান
জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ
মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।
সোমবার (২৮ সেপ্টেম্বর)
সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন চাইনিজ রেস্তোরাঁয় ‘শিল্প বিকাশে
উদ্যোক্তা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগর এ সভার আয়োজন করে।
আবদুল জব্বার বলেন, ব্যবসা
পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তাদের বিভিন্ন ঝুঁকি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
এসব বিষয় বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জে ব্যবসার পরিবেশ আরও সহজ ও নিরাপদ করার বিষয়ে
আইবিডব্লিউএফ দীর্ঘদিন ধরে কাজ করছে।
তিনি ব্যবসায়ীদের মধ্যে
পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, ব্যবসায়ীদের
মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া থাকলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক জটিলতা
কমানো সম্ভব।
তিনি বলেন, সৎভাবে
উপার্জন ও বিনিয়োগের উদ্দেশ্যে যারা নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হয়েছেন,
তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। উদ্যোক্তারা
নিরাপত্তাহীনতায় থাকলে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে
শিল্পের সম্প্রসারণে।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও বিভিন্ন
পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন। এ সময় জেলার শিল্প ও বাণিজ্য খাতের বর্তমান
পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে শিল্প-বাণিজ্যের উন্নয়নে
করণীয় নিয়ে আলোচনা করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন