সরকারের এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘বিসিক চাকরি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় ৪৩টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি করে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর চাষাঢ়ায় বিকেএমইএ মিলনায়তনে
মেলার উদ্বোধন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিকের আয়োজনে এবং বাংলাদেশ নিটওয়্যার
ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহযোগিতায় এ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।
মেলায় বিসিক এপিআই শিল্পপার্ক, হোসিয়ারি শিল্পনগরী, লাইট ইঞ্জিনিয়ারিং,
খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতের ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা বিভিন্ন
প্রতিষ্ঠানের স্টলে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেন এবং প্রয়োজনীয় যোগ্যতা, পদ ও নিয়োগসংক্রান্ত
তথ্য সংগ্রহ করেন। যোগ্য প্রার্থীদের জন্য তাৎক্ষণিক সাক্ষাৎকারের ব্যবস্থাও রাখা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, “বিসিকের
ইতিহাসে এটিই প্রথম চাকরি মেলা। সরকারপ্রধান তারেক রহমানের কর্মসংস্থানভিত্তিক ভিশন
বাস্তবায়নে বিসিক শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি
করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি
বিসিকের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা গ্রহণের পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট
সাখাওয়াত হোসেন খান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান
বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নাসিকের পক্ষ থেকে কারুশিল্প
মেলার জন্য স্থান বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন,
মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে বিসিক ইতিবাচক ভূমিকা পালন করছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্প খাতে শ্রমিক সংকট মোকাবিলা
এবং বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে নতুন জনবল সরবরাহে এ ধরনের চাকরি মেলা কার্যকর ভূমিকা
রাখবে।
বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মনজুরুল করিম-এর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিক পরিচালনা পর্ষদের সদস্য, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ
জেলার কর্মকর্তারা, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল,
নারায়ণগঞ্জ চেম্বার পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর
রহমান রনি।
উদ্বোধনী আলোচনা শেষে অতিথিরা বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক
উদ্বোধন করেন। পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন