নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কের একটি অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় এক কিলোমিটার নয়, প্রায় কোয়ার্টার কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয়রা সড়কের বিভিন্ন অংশে ফাটল
দেখতে পান বলে জানান।
স্থানীয়দের ভাষ্য, সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল
দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়কের ওপরের পিচ উঠে গিয়ে নিচের স্তরও দৃশ্যমান হচ্ছে। ফলে
সড়কের ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে দাবি তাদের।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সড়ক নির্মাণ ও উন্নয়নকাজে যথাযথ মান বজায়
রাখা হয়নি। নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের
অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তারা।
তাদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃষ্টির পানি ও যানবাহনের
অতিরিক্ত চাপের কারণে ফাটল আরও বিস্তৃত হতে পারে। এতে সড়কের কোনো অংশ ধসে পড়ার পাশাপাশি
ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফাটলের কারণ নির্ণয়, সড়কের
নির্মাণকাজের মান যাচাই এবং ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
নেওয়ারও দাবি করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে
পাওয়া যায়নি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন