একজন শিক্ষকের দায়িত্ব শুধু
শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতেও তাদের ভূমিকা
গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব
শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা
সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি বলেন, পিতামাতার
পর একজন মানুষের জীবনে শিক্ষকের অবস্থান। তাই শিক্ষকতার পেশার মর্যাদা ও নিরাপত্তা
নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের হারানো সম্মান ও গৌরব ফিরিয়ে দিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের
পেশাগত মর্যাদা বাড়ানো গেলে আগামী ৬০ বছরের বাংলাদেশ আরও শক্তিশালী ভিত্তির ওপর
দাঁড়াবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদেরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা,
মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যে
নারায়ণগঞ্জে দিবসটি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ
উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত
জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, বাংলাদেশ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম এবং শিক্ষক-কর্মচারী
ঐক্যফ্রন্টের সভাপতি কামাল হোসেন।
এ ছাড়া জেলার বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,
শিক্ষার্থী ও অভিভাবকেরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, একজন
দক্ষ শিক্ষকের কাছ থেকে পাওয়া শিক্ষা অনেক সময় অসংখ্য বই পড়ার চেয়েও বেশি কার্যকর
হতে পারে। একজন মানুষের মূল্যবোধ ও জীবন গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। ন্যায়,
মানবিকতা ও মূল্যবোধনির্ভর শিক্ষা প্রতিষ্ঠিত করতে পারলে সুন্দর
সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে জেলার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা দেওয়ার
মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন