পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড
পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কের পাশে
পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং নগরীর পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখার
বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার
বিষয়ে সচেতন করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে
প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্দিষ্ট
স্থানে বর্জ্য ফেলতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা থেকে বিরত
থাকতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করারও অনুরোধ জানানো
হয়।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, নগরবাসীর সম্মিলিত
অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। এজন্য নাগরিকদের
নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে নগরীর পরিবেশের
পাশাপাশি জনসচেতনতাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন