নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে ভাড়াটিয়া এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার জুবায়ের দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে।
মামলার তথ্য ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী ১৮ বছর বয়সী ওই তরুণী স্বামীর সঙ্গে জুবায়েরদের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী একটি পোশাক কারখানায় কাজ করেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তরুণীর স্বামী কর্মস্থলে থাকার সময় বাড়িতে জুবায়ের ছাড়া তার পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না বলে পুলিশ জানায়। এই সুযোগে জুবায়ের তরুণীর মুখ চেপে ধরে তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে অভিযান চালায় পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে জুবায়ের আহমেদকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন