রাজনীতিতে নেতাগিরি ও ক্ষমতার দম্ভ পরিহার করে ধর্ম, পেশা কিংবা লিঙ্গনির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, অতীতে যারা শাসনক্ষমতায় গেছেন, তাদের অনেকেই ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের অধিকার ও মর্যাদার কথা ভুলে গেছেন।
শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষের মৌলিক পরিচয়
হলো তিনি এ দেশের নাগরিক। ধর্ম, পেশা কিংবা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে নাগরিক অধিকারে
কোনো বৈষম্য থাকতে পারে না। অথচ অতীতে বিভিন্ন গোষ্ঠী জনগণকে বিভক্ত করে ক্ষমতা চর্চা
করেছে।
তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের লক্ষ্য হওয়া উচিত নেতাগিরি
নয়, বরং প্রকৃত রাজনৈতিক সাধনার মাধ্যমে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করা।”
দেশের ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে সংসদ সদস্য বলেন,
নিজেদের পরিচয় প্রতিষ্ঠা এবং প্রজাসুলভ মানসিকতা থেকে মুক্তি পেতে এ দেশের মানুষ ব্রিটিশবিরোধী
আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ,
১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। কিন্তু
দুঃখজনক বিষয় হলো, শাসনক্ষমতায় যারাই গেছে, তারাই রাবণ হয়ে উঠেছে।
যুবসমাজকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, যুবশক্তির ওপর হামলা, নির্যাতন ও মামলার রাজনীতির
বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস থাকতে
হবে সবার।
তিনি আরও বলেন, নিজের দল ভুল পথে গেলেও সেই দলের অন্যায় নীতির পক্ষে
অবস্থান নেওয়া যাবে না। রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং
মানুষের মর্যাদা রক্ষা করা।
বিভেদের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের
চেতনাকে ধারণ করে তরুণদের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক নতুন রাজনৈতিক
বন্দোবস্ত গড়ে তুলতে হবে। এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে দলীয় পরিচয়ের
ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিক সমান অধিকার ও সম্মান পাবেন।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের
সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির মুখ্য সংগঠক নূরজামাল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয়
সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত
আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, জেলা সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, জেলা সাংগঠনিক
সম্পাদক নীরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয়
সদস্য শাহাবুদ্দিন শান্ত।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র
যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, মহানগর সংগঠক মাহবুব শান্তসহ জাতীয় যুবশক্তির বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা তরুণদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের
পাশাপাশি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
থাকার ওপর গুরুত্বারোপ করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন