নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ সময় কিশোরীর সঙ্গে থাকা এক তরুণকে একটি কক্ষে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাতে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা
ঘটে।
গ্রেপ্তাররা হলেন—গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন
(২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার
মৈকুলী এলাকার ওই কিশোরী তার পরিচিত আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল
উপশহরে ঘুরতে যান। রাতে বাড়ি ফেরার পথে আনুমানিক ১১টার দিকে তারা গন্ধর্বপুর এলাকায়
পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের গতিরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, পরে কিশোরী ও তার সঙ্গীকে জোর করে একটি পরিত্যক্ত
ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীর ওপর যৌন নির্যাতন
করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে দুজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আকাশের
কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা আনার কথা বলে কৌশলে ওই স্থান থেকে বের হয়ে তিনি
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় কিশোরীকে উদ্ধার এবং নাদিম, সিহাব ও ইমনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান,
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে
ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন