নারায়ণগঞ্জের বন্দরে সড়ক
দুর্ঘটনায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় মামলা দায়েরের পর ট্রাকের হেলপার মো.
ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে আসামি
করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নিহতের
পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি করা হয়। এজাহারে দুর্ঘটনায় একটি দোকানের প্রায়
১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
মামলার এফআইআর নম্বর-৭। সড়ক
পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার
মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। আর আল
আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে শনিবার (৩
অক্টোবর) রাতে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে মদনগঞ্জ থেকে মদনপুরের দিকে যাওয়ার সময়
বন্দর রেললাইন এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি অটোরিকশাকে চাপা
দেওয়ার পর সেটি সড়কের পাশের একটি দোকানের ওপর উঠে যায়।
ওই সময় দোকানে বসে ছিলেন
ইউনুস মিয়া। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই ঘটনায় দোকানমালিক সেলিম
মিয়াসহ আরও কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন