দীর্ঘদিনের ভাড়া বিরোধের অবসান ঘটিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সাধারণ যাত্রীকে ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ৩৪ টাকা দিতে হবে। শিক্ষার্থীরা দিন-রাতের যেকোনো সময়ে কোনো শর্ত ছাড়াই হাফ পাস সুবিধা পাবেন।
বুধবার (৭ অক্টোবর) প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও বাস মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে ৫৮ টাকা সাধারণ ভাড়া এবং ৩৪ টাকা শিক্ষার্থী ভাড়া নির্ধারণে সবাই সম্মত হয়েছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত এই ভাড়াই কার্যকর থাকবে। শিক্ষার্থীদের হাফ পাস ২৪ ঘণ্টাই প্রযোজ্য হবে।
বাস মালিকদের পক্ষে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা ও যাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা নতুন ভাড়ায় সম্মতি দিয়েছেন। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে ফ্লাইওভারের টোল পুনর্নির্ধারণে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, দীর্ঘদিনের অনড় অবস্থান থেকে আলোচনার মাধ্যমে সমাধানে আসা গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে এবং চাঁদাবাজি ও মাফিয়াদের দৌরাত্ম্য কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে সাধারণ যাত্রীদের ভাড়া ২ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৬ টাকা কমানো সম্ভব হয়েছে। তিনি এটিকে নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত আন্দোলনের ফল হিসেবে উল্লেখ করেন।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে একটি সামাজিক ও রাজনৈতিক সংকটের সমাধান হওয়া জেলার জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
জ্বালানি তেলের দাম বাড়ার পর গত ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন সাধারণ যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছিল। এর প্রতিবাদে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলনে নামে।
ভাড়া কমানোর দাবিতে কয়েক দফা কর্মসূচি ও আলোচনা চলার পর বুধবারের বৈঠকে চূড়ান্ত সমঝোতা হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, শুরু থেকেই সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য কোনো শর্ত ছাড়াই ৩৪ টাকা হাফ পাসের দাবি জানিয়ে আসছিলেন।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন